জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল ক্লাব সদস্যদের শিশু সন্তানদের সমবেত সংগীত, নৃত্য পরিবেশনা, বৃন্দ আবৃত্তি, গণসংগীত ও জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র প্রদর্শনী।
অনুষ্ঠানের উদ্বোধন করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘গণতন্ত্রে বহু মত বহু পথ থাকবেই। কিন্তু সব মত-পথকে জাতীয় ঐকমত্যে নিয়ে আসাই হলো স্বাধীনতার মূলমন্ত্র। আসুন আজকে সবাই স্বাধীনতা দিবসে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথ নেই। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের দিনে আমরা স্মরণ করি জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ শহীদ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের।’ এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটি সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম। ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য অনুষ্ঠান উপভোগ করেন।
