কৃষি ও শিল্পের প্রবৃদ্ধি বাড়াতে বিদ্যুতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার তাগিদ

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২০:৩০
গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও শিল্প খাতে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির ধারা বর্তমান আর্থিক বছরেও অব্যাহত থাকায় মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় কমবে। কৃষি খাতে ২০০৯-১০ অর্থবছর থেকে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। জিডিপিতেও কৃষি খাতের অবদান কমে যাচ্ছে। একইভাবে ২০১০-১১ অর্থবছর থেকে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কমে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে। বিদ্যুত্ অপর্যাপ্ততা ও প্রতিকূলতা কৃষি ও শিল্প খাতের উত্পাদন ও উন্নয়নকে বাধাগ্রস্ত করার মাধ্যমে দেশের অর্থনীতিতে বিপ্রতীপ অভিঘাত সৃষ্টি করছে। গত পাঁচ অর্থবছরে বিদ্যুতের ঘনঘন দাম বৃদ্ধি দেশের কৃষি ও শিল্প উভয় খাতের উদ্যোক্তাদের উত্পাদন খরচ বৃদ্ধি করেছে। বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করতে হলে, বিদ্যুত্ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষি খাতে প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছরের ৫ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ অর্থবছরে যথাক্রমে ৫ দশমিক ১৩, ৩ দশমিক ১১ এবং ২ দশমিক ১৭ শতাংশে উপনীত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে গবেষণা প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ অনুযায়ী, কৃষি খাতে প্রবৃদ্ধি কমে বর্তমান অর্থবছর তথা ২০১৩-১৪ সালে ২ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে। যথোপযুক্ত নীতিগত পদক্ষেপের অভাব, কৃষি জমির ক্রমাগত হ্রাস, নতুন প্রযুক্তির উদ্ভাবন, পরিগ্রহণ ও বিতরণের প্রকটতা এবং কৃষি খাতে যথাযথ গবেষণা ও প্রশিক্ষণের অপর্যাপ্ততা কৃষি খাতের প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে। অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৯ দশমিক ৪৫ শতাংশ থেকে কমে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরে যথাক্রমে ৯ দশমিক ৩৭ ও ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়ায়। প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ অনুযায়ী, বর্তমান হ্রাসের ধারা অব্যাহত থাকলে ২০১৩-১৪ অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ হতে পারে। শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার পিছনে অবকাঠামোর অপ্রতুলতা, পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা, দেশীয় বাজারের সীমিত আকার এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অনুন্নয়নকে চিহ্নিত করা হয়েছে। এদিকে জিডিপি প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৬ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ২৩ শতাংশে এবং ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশে দাঁড়ায়। প্রতিষ্ঠানটির প্রক্ষেপণ অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে গত এক দশকে অর্জিত প্রবৃদ্ধির গড় হার ৬ শতাংশেরও নিচে চলে যেতে পারে।