দুই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:১৩
রাজধানীতে পৃথক ঘটনায় দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, পুরান ঢাকার ইসলামবাগে আলমগীর হোসেন নামে এক পলিথিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ইসলামবাগ ঈদগা ময়দানের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীর এক স্বজন জানান, আলমগীর ভোর সাড়ে ৫টার দিকে পলিথিনের কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে কারখানার সামনে ঈদগাহ মাঠের কাছে ৪/৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আলমগীরের সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্নস্থান জখম হয়। তার চিত্কার শুনে কারখানার কর্মচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শুক্রবার রাত ২টার দিকে ফকিরাপুল মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্যবসায়ী কাজী শহীদুল্লাহ খান। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে ভিডিও ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে। আহত শহীদুল্লাহ জানান, তার বাসা উত্তর শাহজাহানপুরে। ওই রাতে একটি বিয়ের অনুষ্ঠানের কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় ফকিরাপুল মোড়ে আসলেই ৩/৪ জন ছিনতাইকারী পেছন থেকে একটি প্রাইভেটকার যোগে এসে তার পথ রোধ করে মাথায় ও হাতে কোপ দিয়ে ভিডিও ক্যামেরা ও সঙ্গে থাকা টাকা মোবাইল ছিনিয়ে নেয়।