২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:১৩
রানা প্লাজায় এখনো নিখোঁজ থাকা ১৮৩ জন শ্রমিকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সংগঠনের নেতৃবৃন্দ আগামী ২৪ এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা ও শোক দিবস ঘোষণা করে সকল কারখানায় ঐদিন ছুটির দাবি জানিয়েছেন। শনিবার নির্মল সেন মিলনায়তনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার। এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব জুল হাসনাইন বাবু প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনো তাদের ক্ষতিপূরণ পায়নি। ৪০ মিলিয়ন ডলারের তহবিল ক্ষতিগ্রস্তদের মধ্যে দেয়ার ঘোষণা আসলেও এখন পর্যন্ত এর অগ্রগতি সম্পর্কে আমরা স্পষ্টভাবে কিছুই জানতে পারিনি। অথচ ইতিমধ্যে রানা প্লাজার মালিক সোহেল রানা একটি মামলায় জামিন পেয়েছেন এবং আইনের ফাঁক গলে অন্য অভিযুক্তরাও বেরিয়ে আসার আশংকা দেখা দিয়েছে। বক্তারা বলেন, আমাদের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিখোঁজ তালিকা শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, সেনাবাহিনী কর্তৃপক্ষ ও আইএলও’তে প্রদান করা। ৪ এপ্রিল ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা। ২৪ এপ্রিল সকাল ৮টায় রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি এবং প্রতিবাদ সমাবেশ ও মিছিল। ২৫ এপ্রিল বিকাল ৪টায় ঢাকায় শাহবাগে জাদুঘরের সামনে সংহতি সমাবেশ।