লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে এতে তাত্ক্ষণিকভাবে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব লা হামর্বার অদূরে। হলিউডসহ লা’র মেট্রোপলিটন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। — এএফপি
চাপের মধ্যে তুরস্কের গণমাধ্যম
তুরস্কের ইস্তাম্বুলে কিছুদিন আগেই পুলিশ আর বিক্ষুব্ধ জনতার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঐ ঘটনা নিয়ে প্রথমদিকে দেশটির সংবাদ মাধ্যম ছিল একেবারেই নীরব। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে সরকারের সমালোচনা করায় কোন কোন সংবাদকর্মীকে হয়রানিরও শিকার হতে হয়েছে। আর এসব কারণে দারুণভাবে বিঘ্নিত হচ্ছে তুরস্কের সংবাদকর্মীদের স্বাধীনতা। —বিবিসি
আফ্রিকানদের বাঁচাবে এসএমএস
প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে আফ্রিকায় অনেক মানুষ মারা যায়। এবার তাদের সহায়তা করতে এগিয়ে আসছে স্প্যানিশ কোম্পানি এনভিয়া। তাদের একটি প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগেই সতর্কবার্তা দেয়া হবে। এ লক্ষ্যে ঐ কোম্পানিটি চলতি বছরের শেষ নাগাদ কেনিয়ায় একটা প্রকল্প শুরু করতে যাচ্ছে। দুর্যোগপ্রবণ এলাকার অধিবাসীরা এনভিয়া থেকে বিনামূল্যে ঐ বার্তাটি পাবে। -এএফপি
