সুন্দরগঞ্জে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩২
আগামী ৩১ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। এ ভোটযুদ্ধে জয়ী হতে প্রার্থীরাও বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত ও জাপার ঘাঁটি হলেও এবার এখানে লড়াই হবে ত্রিমুখী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ’লীগ সমর্থিত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ (দোয়াত কলম), বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও ১৯ দলের আহবায়ক মোজাহারুল ইসলাম (কাপ পিরিচ), বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মাসুদ (চিংড়ি) ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না (মোটর সাইকেল), জামায়াত সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সহ-সম্পাদক মাজেদুর রহমান মাজেদ (ব্যাটারি), জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (আনারস), সুন্দরগঞ্জ পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (টেলিফোন) এবং স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ (হেলিকপ্টার)। তবে সমঝোতা না হওয়ায় এ উপজেলায় জাপা দলীয়ভাবে কোন প্রার্থী দেয়নি। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে নির্বাচনের মাঠে আ’লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ, জামায়াত সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সহ-সম্পাদক মাজেদুর রহমান মাজেদ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ সরকার ডাবলুর মধ্যে ত্রিমুখী লড়াই হবে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ’লীগ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (চশমা), আ’লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম মিয়া (তালা) ও দীপক কুমার বাবলু (মাইক), জামায়াত সমর্থিত প্রার্থী পৌর জামায়াতের সহ-সম্পাদক আবু সোলায়মান সাজা (বাল্ব), সুন্দরগঞ্জ সাইফুল ইসলাম লিটন (টিয়া পাখি), বিএনপির মাহামুদুল হক (জাহাজ) ও উপজেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আসাদুজ্জামান মনি (নলকূপ)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি সমর্থিত প্রার্থী মোছাঃ রেজিয়া বেগম (হাঁস), স্বতন্ত্র ফেরদৌসি বেগম (প্রজাপতি), জাপার হাসনা বানু (পদ্মফুল), পেয়ারা বেগম (ফুটবল) ও হামিদা বেগম (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।