ঈশ্বরদী উপজেলা পরিষদ
নির্বাচনে ব্যালট ছিনতাই
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, ভোট প্রদানে বাধা, ভূমি মন্ত্রী ও সরকারি-বেসরকারি সংস্থা কর্তৃক সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রভাবিত করার অভিযোগ এনে গতকাল শনিবার প্রেসক্লাবে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি’র তৃণমূল মনোনীত ও কেন্দ্র হতে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, ২৩ মার্চের নির্বাচনে সরকারি দলের লোকজন ১১টি কেন্দ্রে তার পুলিং এজেন্টদের বের করে দেয়। তার সমর্থিত ভোটারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন করে ভোট প্রদানে বাধা দিয়ে ভোট কেটে নেয়ার উত্সবে মেতে উঠে। শেষ মুহূর্তে প্রশাসন ১২টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে তার পরাজয় নিশ্চিত করা হয় বলে তিনি জানান।
কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী
নিয়ে বিপাকে আ’লীগ
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা \ পঞ্চম দফায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। সোমবার অনুষ্ঠিত হবে নির্বাচন। এই উপজেলার চেয়ারম্যান পদটি উভয় বড় দলের প্রেষ্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিএনপি চায় তাদের পদটি ধরে রাখতে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান এমপি মাহাবুবুর রহমানের এলাকার এই পদটি আওয়ামী লীগ দখলে নিতে চায়। মাত্র একদিন, একরাত সময়ের পর জনগণের ভোটে নির্ধারিত হবে প্রার্থীদের হার-জিত। তাই প্রার্থীরা বিজয়ী হতে এই সময়ে যে যার মতো করে কৌশল অবলম্বন করছেন। এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোহরদীর নির্বাচনী মাঠে
জেনারেল নূর উদ্দিন খাঁন
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর মনোহরদীতে শুক্রবার উপজেলা নির্বাচনে প্রচারণায় নেমেছেন একই উপজেলার কৃতী সন্তান নব্বই এর দশকের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তি লেঃ জেনারেল মো: নূর উদ্দিন খাঁন। ৯৬’র জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে জেঃ নূর উদ্দিন নরসিংদী (৪) আসন মনোহরদী-বেলাবো থেকে এমপি নির্বাচিত হয়ে বিদ্যুত্ ও জালানি মন্ত্রীর দায়িত্ব পান। দু’বছর না গড়াতেই মন্ত্রীত্ব হারান তিনি। বেশ কিছুদিন দপ্তর বিহীন মন্ত্রী থাকার পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। নির্বাচনের দু’দিন আগে শুক্রবার জুমার নামাজের পরক্ষণে মনোহরদীর মাটিতে পা রাখেন তিনি। এ সময় আনন্দঘন পরিবেশে শত শত নেতা-কর্মী উপজেলার মূল সড়কের গুরুত্ব পূর্ণস্থানগুলোতে জড়ো হয়ে নূর উদ্দিন খাঁনের সাথে দেখা করে। এলাকার রাজনৈতিক নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ মনে করছেন মনোরদীতে নূর উদ্দিনের উপস্থিতি আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত আরো একধাপ এগিয়ে গেছে।
রামগঞ্জে নির্বাচন নিয়ে জনমনে
বৃদ্ধি পাচ্ছে আতংক
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত জনমনে ভয়, ভীতি, আতংক বৃদ্ধি পাচ্ছে। রামগঞ্জে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৯০,৮৩২ জন পুরুষ ভোটার ৯৪,৮২৭ জন মহিলা ভোটার সর্বমোট ১,৮৫,৬৫৯ জন ভোটারের জন্য মোট ৮১টি ভোট কেন্দ্রে রয়েছে । ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এর মধ্যে ২১টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
মান্দায় আ’লীগের পরাজিত
প্রার্থীর মতবিনিময়
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁ মান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগের মান্দা উপজেলার সাধারণ সম্পাদক শ.ম জসিম উদ্দিন বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জে গিয়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন এবং নেতাকর্মীদের খোঁজ-খবর নিচ্ছেন।
মিরসরাই বিএনপিতে চাঙ্গা ভাব
তীব্র হচ্ছে আ’লীগের গ্রুপিং
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা \ ১৯ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়ে এখন খোশ মেজাজে বিএনপি। পরাজয়ের পর তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে উপজেলা আওয়ামী লীগের রাজনীতি। দীর্ঘ সময় ধরে দলীয় কোন্দলে জর্জরিত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থী দেয়ায় জয়ী হয়েছেন। পক্ষান্তরে দুই প্রার্থী থাকায় পরাজয় বরণ করতে হয়েছে আওয়ামী লীগের প্রার্থীদের। নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মর্যাদার ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিনের অস্তিত্বের লড়াইয়ে রূপ নেয় এ নির্বাচন। ফলাফলে দুইজনের পরাজয় হয়েছে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়ার মাধ্যমে।
কসবায় জনগণের মুখোমুখি
অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ সুশাসনের জন্য নাগরিক-সুজন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানশুক্রবার উপজেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের উপজেলা কমিটির সভাপতি ও কসবা প্রেসক্লাব সভাপতি মো: সুলেমান খান। বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। প্রার্থীদের অঙ্গীকার নামা ও ভোটারদের শপথ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম। জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: আক্তার হোসেন লিটন। বক্তব্য রাখেন সুজনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু খুরাইয়া, প্রভাষক মো: রফিকুল ইসলাম, মোস্তফা মাহমুদ আপন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটু।
রায়পুরার দুর্গমচরাঞ্চলের
৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ ৩১ মার্চ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ২৪ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪৯টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ৮ ইউনিয়নের ৪৮টি কেন্দ্রই দুযোগপূর্ণ কেন্দ্র হিসাবে ঝুঁকিপূর্ণচিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচনে উপজেলা প্রতিটি কেন্দ্রের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকবে ১০০ সেনা সদস্য ২০০ বিজিবি, পর্যাপ্ত পরিমাণ র্যাবসহ ৪ থেকে ৫শ’ পুলিশ। এছাড়াও চরাঞ্চলের নদী পথের জন্য থাকবে স্পীড বোর্ডসহ ইঞ্জিনের নৌকা। হিন্দু এলাকার ভোট কেন্দ্রের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। এ ব্যাপারে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন বলেন, চরাঞ্চলের সবকটি কেন্দ্রই দুর্যোগপূর্ণ কেন্দ্র।
মির্জাপুরে সরে দাঁড়ালেন ইসলামী ঐক্যজোটের ২ চেয়ারম্যান প্রার্থী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী ঐক্য জোটের দুই চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটেরচেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান খান ছিটু (আনারস মার্কা) এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব খান (চশমা মার্কা) শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় মির্জাপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার , খেলাফত মজলিস মির্জাপুর উপজেলা শাখারসাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ছিটু, ইসলামী ঐক্যজোট মির্জাপুর উপজেলা শাখার নেতা শহীদুল্লাহ বিন আব্দুল হক,মোঃ আইয়ুব খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের মির্জাপুর শাখার সদস্য আরিফ হোসেন, খেলাফত মজলিস মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র শিবির মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আরমান হোসেন, ছাত্র মজলিসের উপজেলা শাখার নেতা জহিরুল ইসলাম ও জামায়াতের নেতা শাজাহানসহ চার দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজদিখানে বিএনপি সমর্থিত
প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ ৩১ মার্চ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচন থেকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস ধীরন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। এখন চেয়ারম্যান পদে লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম সরকারের মধ্যে।
মুরাদনগরে শৃংখলা ভঙ্গের দায়ে
বিএনপির প্রার্থী বহিষ্কার
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে মুরাদনগরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সরকারকে (কাপ-পিরিচ) দলীয় শৃংখলা ভংঙ্গের দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে গত ২৪ মার্চ বিএনপি’র সমর্থন প্রত্যাহার করে তাকে বিএনপি থেকে বহিষ্কার করে নতুন প্রার্থী হিসাবে মহিউদ্দিন অঞ্জনের নাম ঘোষণা দেয়া হলে বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলা বিএনপির বর্ধিত সভায় তা ঘোষণা করা হয় এবং নতুন প্রার্থীকে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে পরিচয় করে দেয়া হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তৌফিক আহাম্মদের সভাপতিত্বে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল হায়াত্ খান গোলাম কিবরিয়া সরকারের প্রতি বিএনপির সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করলে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা মুহুমুর্হু করতালির মাধ্যমে এ ঘোষণাকে স্বাগত জানায়।
কেশবপুরে পুন: নির্বাচনের
দাবি বিএনপি’র
যশোর অফিস \ যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফের ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২৩ মার্চ কেশবপুর উপজেলা নির্বাচনে জনগণের সঠিক মতামতের প্রতিফলন ঘটেনি। নির্বাচনে আওয়ামী লীগ ৩১টি ভোটকেন্দ্র দখল করে বিএনপি সমর্থিত প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাত্ক্ষণিক অভিযোগ করেও ফল পাওয়া যায়নি। বরং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারাও এ ভোট কারচুপি ও জালিয়াতিতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ বিএনপির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু।
বড়াইগ্রামে ৪ ভাইস চেয়ারম্যান
প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ (উড়োজাহাজ), মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান মোল্লা (টিয়া পাখি), আওয়ামী লীগ নেতা হাশেম আলী মৃধা (টিউবওয়েল) এবং বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্নাফ খান (তালা) তাদের জামানত হারিয়েছেন।
ডোমারে সহকারী এ্যাটর্নী
জেনারেলের গণসংযোগ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ ৩১ মার্চ পঞ্চম দফায় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল এ্যাড. মনোয়ার হোসেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়ার আনারস মার্কার সমর্থনে শুক্রবার উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও গ্রাম-গঞ্জে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি আনারস মার্কায় ভোট দিয়ে আব্দুর রাজ্জাক বসুনিয়াকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান। পুনরায় নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। আওয়ামী লীগ শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
কালীগঞ্জে জামায়াত প্রার্থীর
সংবাদ সম্মেলন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের রাজনৈতিক ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. খাইরুল হাসান (চশমা) তার নিজ বাস ভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার উপজেলা জামালপুর ইউনিয়নের খাগড়াচর গ্রামে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে খাইরুল হাসান লিখিত অভিযোগ করে বলেন, চশমা প্রতীকের বিজয় নিশ্চিত জেনে ক্ষমতাসীন সরকারি দল সমর্থিত প্রার্থীর লোকজনরা তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি প্রদান, মারধর করা, পোস্টার ছিঁড়ে ফেলা, নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহূত মাইকিং এ বাধা ও মাইক ভাংচুর করেছে। তার পোলিং এজেন্ট যারা থাকবে তাদেরকে এখন থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করছে। কিন্তু এ ব্যাপারে নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে তিনি জানান।
