বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
টেকনাফে নিহত এক
টেকনাফ বিসে গত শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদ আলম (৩২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা নুর হোসেনের পুত্র। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল নিয়ে বিসতের দিকে যাওয়ার সময় পৌরসভার ডেইলপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।
কলারোয়ায় স্কুল ছাত্র নিহত
সাতক্ষীরার কলারোয়ায় গত শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (১০) নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। সে নাতুপুর বিবিআরএনএস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বগুড়ায় শিশুসহ নিহত ২
বগুড়ায় গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বগুড়া শহর প্রথম বাইপাস সড়কের নিরালা তেলের পাম্পের সামনে একটি ট্রাক মোটর সাইকেল চাপা দিলে ঘটনাস্থলে সানোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি মারা যান। এদিকে, সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্টের পাশে একটি ট্রাক চাপায় আশা (৫) নামে একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। সে দিঘলকান্দি গ্রামের আশাদুল ইসলামের মেয়ে।
সাঁথিয়ায় স্কুল ছাত্র নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার সন্দা এলাকায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় গোলজার (১৪) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে বেড়া উপজেলার বড়শিলা গ্রামের মকরম হোসেনের ছেলে।
