গতকাল শুরু হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল হকির চূড়ান্ত পর্বের খেলা চারটিতে কুমিল্লার রফিকউদ্দিন স্কুল, চট্টগ্রাম শাহীন স্কুল, জয়পুরহাট খঞ্চনপুর স্কুল ও নবাব হাবিবুল্লাহ স্কুল জয়লাভ করে। নকআউট পদ্ধতির এই পর্বে উদ্বোধনী দিনেই হেরে বিদায় নিল গেলবারের রানার্স আপ ফতুল্লা পাইলট স্কুল। তিনটি খেলার নিষ্পত্তি হয় নতুন পদ্ধতির টাইব্রেকারে।
সারাদেশের ১০২ টি স্কুল থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া ২৯ টি এতে অংশ নিচ্ছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত কালকের খেলাগুলোর মধ্যে কুমিল্লার রফিকউদ্দিন স্কুল ২-০ গোলে গতবারের রানার্স আপ ফতুল্লা পাইলট স্কুলকে হারায়। কুমিল্লার স্কুলটির পক্ষে ৩৩ মিনিটে এমদাদুল হক মানিক ও ৫৭ মিনিটে জাবেদ একটি করে গোল দেন।
চট্টগ্রাম শাহীন স্কুল টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল স্কুলকে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। পটুয়াখালী ২০ মিনিটে অমিত হাসানের গোলে এগিয়ে গেলেও চট্টগ্রামের শিহাব উদ্দিন ৫৫ মিনিটে খেলায় সমতা আনেন।
জয়পুরহাট খঞ্চনপুর স্কুল টাইব্রেকারে ১-০ গোলে হারায় কুড়িগ্রাম গভর্নমেন্ট স্কুলকে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। নবাব হাবিবুল্লাহ স্কুল টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে ইউসুফ বহুমুখী স্কুলকে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। ২১ মিনিটে হাবিবুল্লাহ স্কুলের রিজভী মিয়া সাগর গোল করলেও ৫১ মিনিটে তা শোধ করেন ইউসুফ স্কুলের কামরুল ইসলাম।—খবর বিজ্ঞপ্তির
