কামরাঙ্গীর চরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫০
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। দগ্ধরা হলেন- আকলিমা বেগম (৫০), তার মেয়ে জলি আক্তার (২৭) ও জলির দু’বছর বয়সী সন্তান মো. আলিফ। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকলিমা বেগম চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মজিবরের ঘাট এলাকার নোয়াখালী বাড়িতে এলপি গ্যাসে রান্না করার সময় হঠাত্ সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘরের লোকজনের চিত্কার ও বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে মেডিক্যালে পাঠায়। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। চৌহালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দ্বগ্ধ চৌহালী (সিরাজগঞ্জ)ঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়নের প্রত্যন্ত বাউশা চরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দ্বগ্ধ হয়েছেন। গুরুতর আহত স্বর্ণকার আনোয়ার ব্যাপারী (৪০), তার স্ত্রী রেজিনা খাতুন (৩৩) এবং শিশুপুত্র আব্দুল কাদেরকে (৮) উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাড়ির ৫টি ঘর ৪ ভরি সোনাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। উমরপুর ইউপি চেয়ারম্যান জানান, শনিবার দুপুরে নিজ বাড়িতে স্বর্ণের কাজ করা অবস্থায় হঠাত্ পরপর ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আর্তচিত্কারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আহত ৩ জনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এর মধ্যে আনোয়ারের স্ত্রী রেজিনা খাতুনের অবস্থা আশংকাজনক বলে চিকিত্সকরা জানিয়েছে।