মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের সম্ভাব্য ধ্বংসাবশেষ না পেয়ে অনুসন্ধানের আওতা বৃদ্ধি করা হয়েছে। এটি উদ্ধারের আশায় গতকাল শনিবার অনুসন্ধানকারীরা ভারত মহাসাগরের একটি নতুন এলাকায় অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় উপায়-উপকরণ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, অনুসন্ধানকারী টিম দূরত্বসহ এক বিরাট কাজের সম্মুখীন।
টনি অ্যাবট শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই কাজের সমস্যাকে খাটো করে দেখা উচিত হবে না। এটি একটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা।’ তিনি বলেন, ‘আমরা এক বিশাল সমুদ্রে বিমানের ধ্বংসাবশেষের ছোট টুকরো-টাকরা খোঁজার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছি, কাজ চলছে। নতুন এলাকায় অনুসন্ধান শুরু হবার পর বহুজাতিক অনুসন্ধান অভিযানের সঙ্গে সম্পৃক্ত বিমানগুলো সমুদ্রে ‘বেশকিছু বস্তু’ ভাসমান দেখতে পায়।
কর্তৃপক্ষ বলেছে, দেখা যাওয়া বস্তুগুলো এমএইচ৩৭০-এর ভগ্নাংশ কিনা তা বাস্তবে পরীক্ষা করে না দেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। চীন ও অস্ট্রেলিয়ার জাহাজগুলোকে বস্তুগুলো উদ্ধারের দায়িত্ব দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (আমসা) বলেছে, হাইশুন০১ নামের একটি চীনা জাহাজ শনিবার ভোর থেকে বস্তুগুলোর অবস্থান পুনরায় নির্ধারণের চেষ্টা শুরু করেছে। আরো দুটি জাহাজ এই কাজে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিভিন্ন স্যাটেলাইটে একের পর এক ‘বস্তু’র চিত্র দেখা গেলেও এখনো পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষের কোনো হদিস পাওয়া যায়নি।
