দফায় দফায় পরাজিত হয়েও হার মানেননি রবার্ট দ্য ব্রুস। একবার, দুই বার নয়; সাত সাত বারের চেষ্টায় শেষ পর্যন্ত সিংহাসন উদ্ধার করেছিলেন তিনি!
বাংলাদেশ দলের এখন ‘রবার্ট ব্রুস’-এর খোঁজ করা ছাড়া আর বিকল্পটা কী?
যে দল ২০১৩ সাল পর্যন্ত টানা দুই বছর দেশের মাটিতে বিশ্বের বড় বড় দলকে হারিয়েছে, শ্রীলঙ্কায় গিয়ে জিতে এসেছে; তারা ২০১৪ সালে এসে যেন পড়ে গেছে এক পরাজয়ের দুষ্টচক্রে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে সহযোগী দুটি দেশের বিপক্ষে জয় ছাড়া আর কোনো সাফল্যই নেই এই বছরে।
এমন এক দুঃসহ পরিস্থিতিতে ‘রবার্ট ব্রুসের’ মতো সফল হওয়ার স্বপ্ন নিয়ে আজ আরেকটা চেষ্টায় নামবে বাংলাদেশ। এবার বাংলাদেশকে বিশ্বকাপের সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হতে হবে পাকিস্তানের বিপক্ষে। আজ দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এই ম্যাচে বাংলাদেশের ভরসা তাদের ওপর আর প্রত্যাশার চাপ না থাকা। অন্তত তেমনটাই বলছেন, বাংলাদেশ দলের খেলোয়াড়রা। কাগজে কলমে বাংলাদেশর এখনও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে বাংলাদেশকে বাকি দুটি ম্যাচে বিশাল জয় পাওয়ার পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকেও বাংলাদেশের মনমতো খেলতে হবে! এমন বিস্ময়কর সমীকরণ নিয়ে বাংলাদেশ ভাবতে চাচ্ছে না। তারা বরং এই দুটি ম্যাচে নিজেদের মতো করে খেলে কিছু আনন্দের উপলক্ষ নিয়ে বিশ্বকাপটা শেষ করতে চায়।
পাকিস্তানের জন্য আবার ব্যাপারটা ভিন্ন। তাদের সেমিফাইনালে যাওয়ার দৌড়টা টিকিয়ে রাখতে গেলে আজ তৃতীয় ম্যাচে অবশ্যই জয় দরকার। এর আগের দু’ ম্যাচে তারা একটি জিতেছে, একটি হেরেছে। ফলে লড়াইতে থাকতে গেলে তাদের জয়ের বিকল্প নেই।
পাকিস্তানের জন্য অবশ্য ব্যাপারটা খুব কঠিন হওয়ার কথা নয়। এই পাকিস্তানই একমাত্র দল, যাদের ১৯৯৯ সালের পর কোনো ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াটা যে খুব কঠিন হবে, সেটা দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান মেনে নিলেন। তবে তিনি হাল ছেড়ে দেয়ারও কোনো কারণ দেখছেন না। বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা কঠিন। ওদের বোলিং যদি সেরা নাও হয় দুইয়ের মধ্যেই থাকবে। ওদের স্পিন অ্যাটকও খুব ভালো। ওদের বিপক্ষে রান পাওয়া কঠিন হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের বিবেচনায় ওদের ব্যাটিংও খারাপ না। অবশ্যই কঠিন লড়াই হওয়ার কথা। তবে আমরা যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি সম্ভাবনা আছে। গত এশিয়া কাপ, এই এশিয়া কাপ ওদের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে কিন্তু আমরা লড়াই করেছি। সবগুলোতে হেরে গেলেও আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছি। ওই ভালো খেলাটা যদি ধরে রাখতে পারি, তাহলে জয় পাওয়া সম্ভব।’
এই জয়ের জন্য সাকিবকে আজ সম্ভবত বাড়তি একটু দায়িত্বও নিতে হবে। একাদশে আর কোনো পরিবর্তন আজ আসবে কি না, তা কেউ নিশ্চিত না করলেও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসছে। সাকিব টি-টোয়েন্টিতে তার প্রিয় জায়গা তিন নম্বরে আজ ফিরে যেতে পারেন।
আর এসব কিছুর লক্ষ্য একটাই- একটা জয়।
