জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ৫ বছরের জন্য এই সরকার ক্ষমতায় এসেছে। ৫ বছরের মধ্যে আর কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না। বিএনপি আন্দোলনে জনগণকে সমপৃক্ত করতে পারেনি বলে নির্বাচন হয়েছে। এখন বিএনপি’র আন্দোলনের ওপর নির্ভর করবে এ সরকার ৫ বছর থাকবে কিনা। গতকাল শনিবার দুপুরে ৩ দিনের সফরে রংপুরে এসে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, রওশন এরশাদের শরীর খারাপ। ৫ বছর পর তিনি নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। রওশন এরশাদ নির্বাচন করতে চাননি। পরিস্থিতিতে বাধ্য হয়ে নির্বাচন করেছেন। তার সঙ্গে আমার কোন দ্বন্দ্ব নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমিই জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি কিনা এটা নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তাদের কি লাভ হবে, এটা বুঝতে পারছি না। তিনি বলেন, তিস্তা এখন ধূ-ধূ বালুচর। তবে সরকার পানির বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির (এ) সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী, সামছুল আলম (ক্যাকরা সামছুল), নুর আলম যাদু, আসানুজ্জামান নাজিম প্রমুখ।
