মোদী-রাহুল পরস্পরকে কঠোর ভাষায় আক্রমণ

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫২
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা যুদ্ধ জমে উঠেছে। প্রধান দুই দল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির দুই শীর্ষ ব্যক্তিত্ব রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী পরস্পরকে কঠোর ভাষায় আক্রমণ করে জনগণের কাছে ভোট প্রার্থনা করছেন। সামনের দিনগুলোতে এই প্রচারণা যুদ্ধ আরো জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জরিপে এগিয়ে থাকার সুবাদে নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী মোদী। তিনি কংগ্রেসের দুর্নীতি, নির্বাচনী ইশতেহার ও রাহুলের সমালোচনা করে চলেছেন। অপরদিকে, রাহুল গান্ধী মোদীর ‘সাম্প্রদায়িক দাঙ্গায় কলঙ্কিত’ অতীত নিয়ে ভোটারদের মনে তার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টির চেষ্টা করছেন। গতকাল উত্তর প্রদেশের সাহারানপুরে জনসভায় ভাষণ দেন রাহুল গান্ধী। মোদীকে হুমকি দেয়ার অভিযোগে কংগ্রেসের প্রার্থীকে গ্রেফতার করার সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, কয়েক মাস আগে কোন প্রসঙ্গে ওই কংগ্রেস প্রার্থী মোদীর বিরুদ্ধে ওসব কথা বলেছিলেন তা তদন্ত সাপেক্ষ। কিন্তু ভোটের সময় এই প্রসঙ্গকে টেনে এনে মোদী ও তার দল অন্যায় ফাঁয়দা তুলতে চান। এটা মোদীর ‘স্বভাব’ বলে তিনি উল্লেখ করেন। রাহুল বলেন, বিজেপি নেতার মতো আমরা ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে বেড়াই না। আমরা ভালোবাসা প্রচার করে থাকি। মোদীর আদর্শ নিয়ে প্রশ্ন তুলে রাহুল বলেন, বিদ্বেষ ছড়ানোর ব্যাপারে বিজেপির জুড়ি নেই। অপরদিকে, নরেন্দ্র মোদীও সুযোগ পেলে রাহুল গান্ধীকে এক হাত নিতে ছাড়ছেন না। রাহুল গান্ধী যে তার আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে কড়া জবাব দেন তিনি গতকাল। রাহুলকে ইঙ্গিত করে মোদী বলেন, তার কাছ থেকে আমার আদর্শ শেখার দরকার নেই। নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে রাহুল উল্টোপাল্টা বকছেন বলে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, আমি আমার আদর্শ নিয়ে গর্বিত। আমার আদর্শের ভিত্তি সেবা এবং আত্মদান। আমার আদর্শে পরিবারের চেয়ে সমাজের স্থান উপরে। ‘ভারতমাতা’ আমাদের কাছে সবকিছু। তাই বিজেপির পিছু না লেগে আসন্ন নির্বাচনে নিজেদের ভরাডুবি ঠেকানোর চেষ্টা করার জন্য রাহুলকে পরামর্শ দেন তিনি।