তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস বিকৃত করছেন।
গতকাল শনিবার কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের অডিটরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কে এম রাহাতুল ইসলাম, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামারুল আরেফিন, কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সৈয়দ নিজাম উদ্দিন লাইট প্রমুখ।
‘বিএনপিই জিয়ার সম্মানহানি করছে’
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপিই তার অমর্যাদা এবং সম্মানহানি করছে। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন নিজেকে কখনই দেশের প্রথম রাষ্ট্রপতি বলেননি। খালেদা জিয়াও ক্ষমতায় থাকাকালীন এ কথা বলেননি। ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র ঐতিহাসিক রেকর্ডে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। এই লজ্জা এবং গ্লানি ঢাকতে তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
গতকাল বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুরে কিন্ডারগার্টেন স্কুলে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
