বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিকৃত ইতিহাস প্রচারের দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিচার চেয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গত শুক্রবার পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিচার দাবি করেন সংগঠনের নেতারা। তারা বলেন, তারেক রহমান এবং খালেদা জিয়া সম্প্রতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক বলে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি অবমাননাকর এবং সংবিধানের পরিপন্থী।
লিখিত বক্তব্যে বলা হয়, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের দল বিএনপি স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়েছে। তারা ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রদ্রোহী। সংবিধান পরিপন্থী এবং বিকৃত ইতিহাস প্রচারকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে তারা মন্তব্য করেন। বক্তারা ইতিহাস বিকৃতির ব্যাপারে মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, উপদেষ্টা মন্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আবদুল আহাদ চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী প্রমুখ।
