মোবাইল ফোনে ছবি তুলতে নিষেধ করায় স্কুল শিক্ষক ও ৬ স্কুল ছাত্রীকে বেধড়ক পিটিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল শনিবার লালমনিরহাটের প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। বখাটেদের বিচারের দাবিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক আধ ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।
হাসপাতালে চিকিত্সাধীন শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে মানসিকা ভবনে আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য আদিতমারী উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
সেখানে খাতাপাড়া মাজার এলাকার কতিপয় বখাটে তাদের স্টলে এসে মোবাইল ফোনে ছাত্রীদের ছবি তুলতে চেষ্টা করে। এতে বাধা দেয় শিক্ষার্থীরা। বিষয়টি মানসিকা কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা মেলা বর্জন করে। স্থানীয় পিটিআই কেন্দ্রের সামনে পৌঁছলে ছাত্রীদের পথরোধ করে মারপিট শুরু করে বখাটেরা। তাদের রক্ষার্থে ওই স্কুলের সহকারী শিক্ষক প্রসন্ন কুমার এগিয়ে এলে বখাটেরা তাকেও মারধোর করে। আহতদেরকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আদিতমারী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।
