সরকার সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি: সুলতানা কামাল

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৫
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও রুখে দাঁড়াও বাংলাদেশের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন, আক্রমণ হামলা হলেও সরকার এদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি এ দেশকে কার্যত পাকিস্তান করার অপচেষ্টা নিয়ে সংখ্যালুঘদের উপর আক্রমণ হামলা ও জমি দখল করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে কাজ করে যাচ্ছে। এই অপশক্তিকে রুখতে সবাইকে একসাথে কাজ করতে হবে আর সংখ্যালঘুদের মনোবল বৃদ্ধি ও সাহস যোগাতে রুখে দাঁড়াও বাংলাদেশ কাজ করছে বলে তিনি জানান। তিনি শনিবার আইন ও সালিশ কেন্দ্রের এইচআরডিএফ-এর আয়োজনে লালমনিরহাটের ধাইরখাতা এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু পরিবারের লোকজনের সাথে দেখা করতে গিয়ে এসব কথা বলেন। সুলতানা কামালের সফরসঙ্গী ছিলেন রুখে দাঁড়াও বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম. এম আকাশ, তারেক মিয়া, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, টিপু সুলতান প্রমুখ।