‘সম্মান ও চামড়া বাঁচাতে চাইলে পদত্যাগ করুন’

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৬
সম্মান ও চামড়া’ বাঁচাতে চাইলে অবিলম্বে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রওশন এরশাদের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, তথাকথিত বিরোধী দলীয় নেতা স্বীকার করেছেন, চাপের মুখে নাকি তিনি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন। চাপ তো আমাদের ওপরও ছিল। আমরা তো জনগণের কথা চিন্তা করে অংশ নেইনি। তার মানে আপনারা এমন কোন অপকর্ম করেছেন, যে কারণে চাপ উপেক্ষা করা আপনাদের কাছে সম্ভব ছিল না। তবে আপনাদের সেই অপকর্ম সম্পর্কে আমরা জানি। সময় এলে সব প্রকাশ করা হবে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের চাপের জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং সম্মান ও চামড়া বাঁচাতে চাইলে অবিলম্বে সংসদ থেকে পদত্যাগ করুন। তাহলে কিছুটা হলেও অপকর্ম থেকে রক্ষা পাবেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রওশন এরশাদ জানান, ভবিষ্যতে তিনি আর নির্বাচন করবেন না। চাপে পড়ে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে খালেদা জিয়া এসব কথা বলেন।