অনন্য মামুনের পরিচালনায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি নিয়ে আলাপ-আলোচনা বেশ ক’দিন ধরেই চলছে। কলকাতার শুভশ্রী আর অংকুশ অভিনয় করছে এই ছবিতে। এর পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের একাধিক কলাকুশলী। আগামী মাসের প্রথম সপ্তাহে শুভশ্রী ঢাকায় এসে তার শুটিংয়ের কাজ শেষ করবেন বলে জানালেন নির্মাতা।
এর আগেও এক কিস্তি শুটিং হয়ে গেছে বাংলাদেশে। ছবির শুটিং প্রসঙ্গে শুভশ্রী ফোনে ইত্তেফাক বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমার কাছে বিষয়টি খুবই এক্সাইটিং। কারণ আমি শুনেছি এখানে আমার ভক্ত অনেকেই। তাই ওদের কাছে থেকে শুটিং করব এটা ভেবে সত্যিই ভালো লাগছে। ছবিটি দুই বাংলার দর্শকদের জন্যই স্পেশাল কিছু হতে চলেছে।’
এদিকে এই ছবিতে বাংলাদেশের অংশ একেবারেই কম আছে এমন অভিযোগও রয়েছে। এরপরও দেবের পর শুভশ্রীর এদেশে এসে শুটিংয়ের বিষয়টি নিয়ে নির্মাতা মামুন বলেন, ‘এটা বাণিজ্যিক ছবির জন্য খুবই সরল একটা বিষয়। কারণ আমরা সবাই চাই ভালো ছবি এবং ছবির সামগ্রিক উন্নয়ন। আমার মনে হয় দুই বাংলা একসাথে ছবি প্রচারণার কাজটি শুরু করলে আমাদের জন্য ভালো ছাড়া মন্দ কিছু হবে না।’
শুভশ্রী আর অংকুশ টানা এক সপ্তাহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করবেন বলে জানা যায়।
