মনিরা আজ স্বপ্ন দেখছে বড় দক্ষ একজন অটোমোবাইল মেকানিক হবে। আজ তার এমন একটি স্বপ্ন দেখার অবস্থা হয়েছে। সে আরও ভাবে নিজে সাধারন লাইনে না পড়তে পরলেও ছোট ভাইবোনদের সে শিক্ষিত করবে। হ্যাঁ এমনই একজন বড়বোন মনিরা আজ আত্মবিশ্বাসের সাথে এসব কথা বলতে পারছে ইউসেপ থেকে প্রশিক্ষণ নিচ্ছে বলে।
সাধারণত যারা পরীক্ষায় ভাল ফল করে, তারা ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন দেখে আমরা তা নিয়েই প্রতিবেদন করি। তবে আজ মনিরা আক্তারের স্বপ্নের কথা জানাবো কারণ কার্যত স্বপ্ন দেখার পরিস্থিতি ছিল না তার। তবে নিজের ঐকান্তিক ইচ্ছা আর কঠোর পরিশ্রমের ফলে আজ সে একজন অটোমোবাইল মেকানিক হওয়ার স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন দেখার আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ। মনিরার মা অন্যের বাড়িতে কাজ করে। ছেলে-মেয়েদের ঠিকমতো দু’বেলা ভাত দেয়াই তার জন্য মহাযুদ্ধের মতো। এমন সময় এক সত্জনের পরামর্শে সে এই প্রতিষ্ঠানে আসে তারপর অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণের পর প্রশিক্ষণ নিচ্ছেন অটোমোবাইল টেকনিশিয়ান হওয়ার। এক বছরের প্রশিক্ষণের ৬ মাস এরই মধ্যে চলে গেছে আর আছে ছয় মাস। তারপরই কর্মজীবন। ইউসেপ তাদের শিক্ষার্থীদের কর্মসংস্থান করে দেয়। মনিরা বলেন, তিন ভাইবোনের মধ্যে সেই বড় তাই তাকে ছোটদের দায়িত্ব নিতে হবে।
