সম্প্রতি বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস নিবেদন করল বরেণ্য শিল্পী শহিদ কবিরের একক চিত্রকলা প্রদর্শনী ‘তোমার পরে ঠেকাই মাথা’। শিল্পী শহিদ কবির দীর্ঘদিন থেকে স্পেন প্রবাসী। স্বনামধন্য হয়েছেন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে। ঢাকা চারুকলার শিক্ষকতা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে, শিল্পকে আরো গভীরভাবে উপলব্ধি করবেন বলে। তার চিত্রকলার ব্যপ্তি অসীম। প্রকৃতি ও মানুষ তার চিত্রকর্মে বিশেষ বার্তা নিয়ে আসে। প্রতিটি চিত্রকর্মের অন্তরালে রয়েছে গল্পকথা। চরিত্রগুলোর সঙ্গে শিল্পীর রয়েছে আত্মিক সংযোগ। বিশেষভাবে নারী চরিত্রগুলোর অন্তরালে আছে দুঃখ, কষ্ট, জীবনের নানা অনুষঙ্গের ব্যঞ্জনা! তার ক্যানভাসে মিশ্র মাধ্যমে কাজ করেন তিনি। খুবই সংবেদনশীলভাবে লেপে দেন মাটি বা বালির প্রলেপ। কিছু কিছু চিত্রমালায় সেঁটে দিয়েছেন খড়-কুটো। আবার একটি ছবিতে দিব্যি একটি ব্লাউজ সেঁটে দিয়েছেন। নাতনি আরিয়ার জুতো নিয়ে এঁকেছেন ‘আরিয়াস স্যু’!
কাঠমুন্ডুতে গিয়ে আঁকলেন রিফুজি বিহারের এক প্রান্তিক নারীর ছবি। ছবিটি আঁকার জন্য বার বার ছুটে গিয়েছেন শিল্পী। শিল্পী শহিদ কবির বলছিলেন, ‘আমি কল্পিত কিছু নিয়ে আঁকতে পারি না। জীবন যুদ্ধ, বাস্তবতাকে আমি বিশ্বাস করি। তাই আমার ছবিতে মাটি ও প্রান্তিক মানুষের অস্তিত্ব খুব দৃঢ়।’ বারবণিতাদের প্রতিও মানুষ হিসেবে অসীম শ্রদ্ধা আছে শিল্পীর। আদাবরের বস্তির ‘স্লাম কুইন-২’ ছবিতে লালের উচ্ছ্বাসে উচ্ছাসিত নারীকে দেখা যায়। আবার ঘটি থেকে জল ঢালতে দেখা যায় ‘স্লাম কুইন-১’ এর নারীকে। এছাড়া আলতা সুন্দরী ছবিটি অসাধারণ মাত্রা যোগ করে। মানবিক আর্তির এক অদ্ভুত ব্যঞ্জনা ফুটে ওঠে তার ‘ড্রাইং হার অনলি্ সারি’ শীর্ষক ছবিটি। চর অঞ্চলের এক দারিদ্র্যক্লিষ্ট নারীর জীবনের এক অদ্ভুত প্রকাশ ছবিটি। একটি মাত্র শাড়ি তার। স্নান করে নতুন একটি পরবার সুযোগ নেই। অর্ধেক শাড়ি শরীরে জড়িয়ে বাকিটা শুকিয়ে নেয় সে। এমন একটি বাস্তব দৃশ্য শিল্পী রচনা করেছেন তার ছবিটিতে। ‘উনডেড প্ল্যান্ট অব মাই ডটার’ শীর্ষক ছবিটি শিল্পীর কন্যা লাবিবার একটি প্রিয় গাছের ছবি, গাছটির ডাল রক্ষা করার চেষ্টা হয়েছে এমন একটি সংবেদনশীল ছবিটি। প্রত্যেকটি ছবি জীবন থেকে নেয়া, জীবনের বাস্তবতার নিরিখে এক দরদী মানসে আঁকা।
মাটি, জননী ও নারী শিল্পীর কাছে একই সত্তায় একাকার। নারী সত্তাকে তিনি সম্ভাবনাময় এক সৃজনশীল অস্তিত্বে দেখেন। নারীর মাতৃত্ব, জীবনকে দেবার ক্ষমতা শিল্পীকে ভীষণভাবে বিস্মিত করে। শিল্পী শহিদ কবির মনে করেন, নারীর প্রতি যারা সহিংসতা করেন তারা কাপুরুষ। নারী প্রেমময়ী, লড়াকু, জননী, প্রেরণা, বন্ধু... ও সৃজনের গহীন শক্তি! নারী শক্তি নন্দিত... অপার... !
