হলিউড

‘সেরাদের সেরা’ মেরিল স্ট্রিপ

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:১৩
‘ভালোবেসে আপনি যদি কোন কাজ করেন, তাহলে সাফল্য আসবেই’। আকাশচুম্বী সাফল্যের মূল মন্ত্রকে কেবল এই একটি লাইনেই সংজ্ঞায়িত করতে ভালোবাসেন মেরিল স্ট্রিপ। সেই ১৯৭৭ সালে জুলিয়া ছবির মাধ্যমে হলিউডের আলোক ঝলমলে জগতে আসার পর সময় যতই গড়িয়েছে সাফল্যের পাল্লা কেবল ভারীই হয়েছে এই অভিনেত্রীর। আর শুরুর চার দশকেরও বেশী সময় পর আজ স্ট্রিপকে মনে করা হয় এ যুগের তো বটেই, সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হিসাবে। হলিউডে অভিষেকের আগেই অবশ্য দ্য প্লেবল অফ সেভিল নাটকের মাধ্যমে অভিনয় যাত্রাটা শুরু হয় স্ট্রিপের। এরপর টেলিভিশন ছবি দ্য ডেডলিয়েস্ট সিজন’র মাধ্যমে ঘটে পর্দা অভিষেকও। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আমেরিকার নিউজার্সিতে জন্ম নেয়া এই অভিনেত্রীকে। টেলিভিশনে মুক্তি পাওয়া স্বল্প বাজেটের ঐ ছবির মাত্র দু’বছর বাদেই স্ট্রিপ অভিনয় করেন সত্তর দশকের অন্যতম সেরা ছবি হিসাবে বিবেচ্য দ্য ডিয়ার হান্টার এবং ক্র্যামার ভার্সেস ক্র্যামার ছবি দুটিতে। দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ প্রথমটির জন্য পান প্রথম অস্কার মনোনয়ন। আর ডাস্টিন হফম্যানের বিপরীতে দ্বিতীয় ছবিটির জন্য পেয়ে যান সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। সেই যে শুরু, এরপর গত ৩৫ বছরে অস্কার মনোনয়ন পেয়েছেন আরো ১৮ বার। যা কিনা অস্কার মনোনয়ের ক্ষেত্রে সর্বোচ্চ। শুধু মনোনয়ন নয়, পর্দায় দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর অস্কারও পেয়েছেন দু’বার। প্রথমবার ১৯৮২ সালে সোফি’স চয়েজের জন্য, আর দ্বিতীয়বার দ্য আয়রন লেডি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ২০১১ সালে। অস্কারের বাইরে অন্যান্য সম্মানজনক পুরস্কার যেমন বাফটা, গোল্ডেন গ্লোব প্রভৃতি ক্ষেত্রেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন তিনি। অস্কারের পর দ্বিতীয় সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত গোল্ডেন এখন পর্যন্ত ২৮ বার বিভিন্ন ছবির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। অভিনেতা-অভিনেত্রী সব মিলে যাও কিনা একটা রেকর্ড। আর এই ২৮ মনোনয়নে আটবারই হাসিমুখে ঘরে ফিরেছেন স্ট্রিপ। ব্রিটিশ ফিল্ম সোসাইটি কর্তৃক প্রদত্ত বাফটা পুরস্কার পেয়েছেন দু’বার। বর্ণাঢ্য এই অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ২০০৪ সালে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছে স্ট্রিপকে। আর ২০১০ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে নিয়েছেন আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ন্যাশনাল মেডেল অফ আর্টস। তবে এত শত পুরস্কার স্ট্রিপের কাজের প্রতি ভালোলাগাকে মোটেই কমাতে পারেনি। উদীয়মান সব অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে এখনো অভিনয় করে চলেছেন সমান তালেই।