স্বরূপকাঠিতে জেটি না থাকায় শ্রমিকদের দুর্ভোগ

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২১:৪৪
স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট খাদ্য গুদামে জেটি না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমিকরা। এখানে ৩টি সরকারি খাদ্য গুদামে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল গুদামজাত ও খালাস করছে শ্রমিকরা । পল্টুন ও জেটি না থাকায় কাঠের তক্তা ফেলে মালামাল খালাসের কাজ চলছে। তক্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মালামাল লোড ও আনলোড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। শ্রমিক সর্দার আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সময়ে মালামাল পরিবহন করতে গিয়ে শ্রমিক চান মিয়া (৪৫), মামুন (২৭), লিটন (৩৫) গিয়ে গুরুতর আহত হয়েছে। স্বরূপকাঠি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে সরকারি প্রকল্পের খাদ্যসহ আপদকালীন খাদ্য মজুদ থাকে ঐ ৩টি খাদ্য গুদামে। ইন্দুরহাট খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক ইত্তেফাককে জানান, এখানে একটি পল্টুন ও জেটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বারংবার লিখিত আবেদন করা হয়েছে এবং প্রাক্কলন তৈরি করেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।