ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত একমাত্র মডেল স্কুল জালালপুর উদয়ন সরকারি বিদ্যালয়টি নামেই মডেল হয়েছে। বাড়তি কোন সুব্যবস্থাই নেই এখানে। একটা জরাজীর্ণ একচালা টিনের ছাউনী ঘরে প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করছে প্রায় অর্ধশতাধিক শিশু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ জানান, এটি উপজেলার একমাত্র মডেল স্কুল। যার বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা ৬ শতাধিক। বিদ্যালয়ে দেখা দিয়েছে শ্রেণী কক্ষ সংকট। খোলা আকাশের নিচে চৈত্রের খরতাপ উপেক্ষা করে ক্লাস করতে হচ্ছে শিশুদের। এতে প্রতিদিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা। শিক্ষার্থীর অভিভাবক পলি আক্তার বলেন, এভাবে খোলা আকাশের নিচে কতদিন চলবে জানি না। চায়না আক্তার বলেন, মেয়েটা আমায় প্রশ্ন করে মা ওরা পাখার নিচে বসে ক্লাস করছে আমরা কবে পাখা পাবো। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এজাজ আহম্মেদ পান্না বলেন, পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে ভবন করতে দেখা গেলেও একটি মডেল স্কুলের এই অবস্থা। যা কোন অভিভাবক মেনে নেবেন না। শিক্ষা অফিসে ধরনা দিয়েও লাভ হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা রানী পাল বলেন, বিষয়টি উচ্চপদস্থদের জানানো হয়েছে। জরুরিভাবে সমস্যা সমাধান করা হবে।
