জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার যোগীভিটা গ্রামে ব্যক্তিগত জমিতে পুকুর খনন করে সরকারি খালে মাটি ফেলে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। যোগীভিটার গ্রামবাসীরা জানায়, গ্রামের প্রভাবশালী আব্দুল আজিজ সমজদার ও তার ভাই জুয়েল সমজদার সপ্তাহ খানেক আগে থেকে শ্রমিক লাগিয়ে খালটির পার্শ্বে পুকুর খনন করে। খননকৃত পুকুরের মাটি পাশের খালে ফেলে খালটি ভরাট করেছে। এতে খালের প্রানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এই খালের পানি দিয়ে যোগীভিটা, সোনাই মাগুড়া, বেলঘরিয়া গ্রামের ফসলি মাঠে পানি সেচের কাজ করা হয়। এছাড়া বর্ষা মৌসুমে ওই তিনটি গ্রামের বৃষ্টির পানি খালটি দিয়ে বেরিয়ে তুলসীগঙ্গা নদীতে যায়। যোগীভিটা গ্রামের নাজমুল হুদা বলেন, খালটিতে মাটি ফেলে ভরাট করায় খালে পানি আটকে আছে। বর্ষা মৌসুমে তিনটি গ্রামের ফসলি মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যেতে পারে। আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছি। আব্দুল আজিজ খাল ভরাট করার কথা অস্বীকার করে জানান, খালের পাশে তার ব্যক্তিমালিকানা জমিতে পুকুর খনন কাজ করছেন। খালের ভেতরেও তার জমি রয়েছে। সেখানে শ্রমিকরা মাটি ফেলেছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
