দেশের বিভিন্ন স্থানে গত দু’দিনে পৃথক ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পীরগঞ্জে পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও গ্রামে গত শনিবার বিকালে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের মুন্নি বেগম (১৮) ও শিউলী বেগম (২৫) নামে দুই গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত বলে জানান।
সৈয়দপুরে ছাত্রের আত্মহত্যা
নীলফামারীর সৈয়দপুরে গত শনিবার ভোরে আব্দুল কুদ্দুস বাঁধন (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ-তে অধ্যয়নরত ছিল। আত্মহত্যার কয়েকদিন আগে সে তার স্ত্রীকে ডিভোর্স দেয়। এ ঘটনায় অভিমান করে সে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় গত শনিবার বিকালে গলায় সাবুদানা আটকে মিজানুর রহমান (৪) নামে এক বাকপ্রতিবন্ধী শিশু মারা গেছে। ঘটনার দিন বিকালে প্রতিবন্ধী মিজানুর রহমানকে তার মা গরম সাবুদানা খাওয়ানোর পর সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।
সাতক্ষীরায় যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার তালায় গত শনিবার বিকালে মত্স্য ঘের থেকে মহিবুল্লাহ (২৪) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিবুল্লাহ খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে। তালা থানার ওসি বলেন, সম্ভবত দুর্বৃত্তরা তাকে হত্যা করে তালা উপজেলার মুড়োগাছার একটি ঘেরে ফেলে রাখে।
মোহনগঞ্জে তরুণ খুন
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের পশ্চিম টেংগাপাড়ায় গত শনিবার সকালে ফারজিয়া হাসেম খান পদ্ম (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এ হত্যাকাণ্ডের সাথে তাদের ছেলে পারভেজ হাসেম খান জড়িত থাকতে পারে। মোহনগঞ্জ থানার ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে তার ছেলে পারভেজ হাসেম খানের নামে থানায় হত্যা মামলা করেন।
বড়াইগ্রামে যুবকের
আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামে গত শনিবার রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দুলাল শেখ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। এলাকাবাসী জানান, বেকার যুবক দুলাল আর্থিক অভাব-অনটনে সব সময়ই হতাশায় ভুগতো। নিজ ঘরে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে বড়াইগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মহালছড়িতে লাশ উদ্ধার
খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলায় কেয়াংঘাট এলাকা থেকে গত শনিবার বিকালে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিলার বামহাতে বৌদ্ধধর্মীয় রীতিমতে মঙ্গল সূত্রের সুতা পড়ানো অবস্থায় পাওয়া যায়। মহালছড়ি থানার ওসি সেমায়ুন কবির চৌধুরী জানান, লাশটি অর্ধগলিত আনুমানিক ৮/১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ফকিরহাটে পানিতে
ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট জেলার ফকিরহাটের আট্টাকী এলাকায় গতকাল রবিবার পানিতে ডুবে রানী খাতুন (২) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শৈলকুপায় একজন খুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রামে সংঘর্ষে আহত আজাহার মিয়া (৬২) নামে এক বৃদ্ধ গতকাল রবিবার ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান। গত শনিবার জমি সংক্রান্ত বিরোধে আজাহার মিয়াসহ পাঁচজন আহত হন। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, জমি বিরোধে আজাহার মিয়ার আপন ভাই হাতেম আলী ও ভাতিজাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আজাহার আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে শৈলকুপা ও পরে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কাহারোলে প্রতিবন্ধী খুন
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দইল গ্রামে গত শনিবার রাতে ফজল হক (৪৫) নামে এক প্রতিবন্ধী হোটেল বয় খুন হন। কাহারোল থানা সূত্রে জানা যায়, কল্পনা রানী রায়ের সাথে ফজলের ৭ বছর ধরে প্রেম চলছিল। প্রেমিকা কল্পনা রানী ও তার পুত্র স্বপন চন্দ্র ফজকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ কল্পনা রানী ও তার পুত্র স্বপনকে আটক করেছে।
