বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নাচোলে ট্রেনের ধাক্কায়
ভুটভুটি চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল রেলস্টেশন রেলক্রসিংয়ে গতকাল রবিবার সকালে ট্রেনের ধাক্কায় সফিকুল ইসলাম (৪০) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ভুলু মেম্বারের ছেলে। এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পাঁচজন আহত হয়। আহতদের দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয় হয়।
বড়াইগ্রামে ব্যবসায়ীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় গত শনিবার দুপুরে মিনি ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ গড়মাটি গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জহির উদ্দিন জানান, আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে বনপাড়া যাওয়ার জন্য নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি বাজারে রাস্তার পাশে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চান্দিনায় একজন নিহত
কুমিল্লার চান্দিনায় গত শনিবার সকালে বাস চাপায় ফাতেমা বেগম (৫০) নামে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ চারজন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফাতেমা বেগম জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের বাসিন্দা।
