ঢাকা-মতলব সড়কে দাউদকান্দি উপজেলার ইছাপুরের কাছে ৩ গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার সকালে কয়েক গ্রামের জনগণ গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে। ডাকাতরা হলো: কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলা পিপইয়াকান্দি গ্রামের মফিজুল ইসলামের পুত্র মাজহারুল ইমলাম(৩২), দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ দেলোয়ার হোসেন(২৬), বুড়িচং উপজেলার বাড়িকোটা গ্রামের মৃত ফজলুল হক মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম(২৮)। শনিবার রাতে ঢাকা-মতলব সড়কে দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের নিকট একদল ডাকাত সড়কে গাছের গুঁড়ি ফেলে ৩টি গাড়িতে ডাকাতি করে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় যাত্রীরা চিত্কার করলে আশে-পাশের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ইছাপুর, তিনচিটা ও বাড়িকান্দি গ্রামের লোকজন ডাকাতদেরকে ধরে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি সদস্য আমানউল্লাহ কবির রতনের কাছে নিয়ে আসে। ইউপি সদস্য রতন রোববার সকালে তাদেরকে পুলিশে সোপর্দ করে। শেষে তাদেরকে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
