আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যখনই বিএনপি বিফল হয়, তখনই তারা ভিন্ন ভাষায় মিথ্যাচার করে। তবে এ জাতীয় বিতর্ক করে লাভ নেই। বিএনপি যদি এই পথ পরিবর্তন না করে তাহলে জনগণ এমন দৃঢ় প্রতিশোধ নেবে যে, তাদের রাজনীতির নাম ভুলিয়ে দেবে। রাজনীতি থেকে বিতাড়িত করবে। তিনি বলেন, আন্দোলনের গিনেজ বুক খুলতে চান খালেদা জিয়া। তবে গিনেজ বুকে উঠানোর আন্দোলন করার মতো শক্তি, সাহস ও ক্ষমতা কোনটিই বিএনপির নেই।
গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বয়স হয়েছে, মারা যাবার আগে রাজাকারদের বিচার দেখে যেতে চাই।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি নেত্রীর উদ্দেশে বলেন, আন্দোলনের নামে যদি নৈরাজ্য করেন তবে এমন শিক্ষা দেবো জীবনে কোন দিন আন্দোলনের নাম মুখে আনতে পারবেন না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
