কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সচিবের দু’টি পদই শূন্য হয়ে পড়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে সচিবের এবং ১২ মার্চ থেকে চেয়ারম্যানের পদ শূন্য হয়। বর্তমানে এ দুটি পদের মধ্যে চেয়ারম্যান পদে পরীক্ষা নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সচিবের পদে কাউকে না দেয়ায় এ পদটি একেবারেই শূন্য থেকে যায়। এতে বোর্ডের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বোর্ড সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি এ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম মিয়ার বদলীজনিত কারণে এ পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে এ বোর্ডের সচিব প্রফেসর মো. অলিউর রহমান পদোন্নতি পেয়ে ৬ ফেব্রুয়ারি থেকে চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হওয়ার পর সচিবের পদটি শূন্য হয়ে পড়ে। গত ১২ মার্চ তিনি অবসরে চলে যাওয়ায় চেয়ারম্যানের পদটিও শূন্য হয়ে পড়ায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে এ বোর্ডের স্বাভাবিক কাজকর্মে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, বর্তমানে বোর্ডের চেয়ারম্যান পদে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
