ব্রিটেনে বাংলা গণমাধ্যমগুলোর শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য বিমান টিকেটে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়ের পরিমাণ বিজনেস ক্লাসের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সাধারণ ক্লাসের ক্ষেত্রে ৮ শতাংশ। বাংলাদেশ বিমানের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি সমঝোতা চুক্তির অংশ হিসেবে এমন সুযোগ ঘোষণা করেছে বিমান কর্তৃপক্ষ। গত শুক্রবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটি এবং সদস্যদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন আর বাংলাদেশ বিমানের পক্ষে প্রতিষ্ঠানটির ইংল্যান্ড এবং ওয়েলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিকুর রহমান চিশতি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
