হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান বা মুসলমান কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:০৬
কবি আসাদ চৌধুরী বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান কেউ আমরা এ দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক না। প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি যে দায়িত্ব তা সুন্দর ভাবে পালন করতে হবে। গত শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ বাজারে স্থানীয় জনগণের সহায়তায় নব নির্মিত কলাবাড়ী ইউনিয়ন মুক্তিযুদ্ধ ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, সহাদেব বৈদ্য, অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, শিক্ষক তরনী কান্ত অধিকারী উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কবি আসাদ চৌধুরী বলেন, একটা জাতির সামনে মুক্তিযুদ্ধ একবারই আসে। তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ফলক উন্মোচন শেষে হিজল বাড়ী বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণ কবি আসাদ চৌধুরী ও ৭১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন।