রিমান্ডে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা

আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:২৯

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানি মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী রিমান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয় ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। নুসরাতকে যৌন হয়রানির পর তার মা শিরিন আক্তার সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এ মামলাটিও পুলিশ ইনভিস্টিগেশন অব ব্যুরো (পিবিআই)র নিকট হস্তান্তর করেন।

আরো পড়ুন: মমতাকে নিশ্চিহ্ন করতেই বিজেপিতে এসেছি: মুকুল রায়

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে ওই দিনই আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অধ্যক্ষ সিরাজসহ ১২ জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচ