দেশের অস্তিত্বের প্রশ্নে সাংবাদিকদের নিরপেক্ষ থাকলে চলবে না

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৪১
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করার অর্থ গণতন্ত্রকে সংকুচিত করা। দেশের অস্তিত্বের প্রশ্নে সাংবাদিকদের নিরপেক্ষ থাকলে চলবে না। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, হয় গণতন্ত্র নয়তো সাম্প্রদায়িকতা, হয় স্বাধীনতা নয়তো জঙ্গিবাদ। যে কোনো সাংবাদিককে এই দুইটি পথের একটি পথকে বেছে নিতে হবে। সাগর-রুনি হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নইলে সাংবাদিকরা আরো বেশি হুমকির মধ্যে পড়বে। তিনি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে তদন্তকারী প্রশাসনের দীর্ঘসূত্রিতার সমালোচনা করেন। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি শহীদ উল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, এম নাসিরুল হক ও নূর সুলতান কুতুবী।