গোপালগঞ্জে তুলকালাম

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৪১
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে শহরের মিয়াপাড়া ও শহরতলীর ঘোষেরচরের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, পুলিশের গুলি, টিয়ারসেল নিক্ষেপে ৩ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় শহরের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ৫ জনকে আটক করেছে। ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলা-ভাংচুর ও ব্যবসায়ীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোপালগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিল। গতকাল রবিবার দুপুরে চৌরঙ্গীতে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ সমাবেশের সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশের মোনজেল আহম্মেদ নামে এক এসআইকে মারপিট করে তার মোটর সাইকেল ভাংচুর করে। বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ী ফরিদ আহম্মেদ, নাসু সিকদার, আহসান আল হুসাইন, সাইফুল ইসলাম, শেখ লিপন আহম্মেদসব ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্থানীয়রা জানিয়েছেন, গত ২৭ মার্চ শহরের মিয়াপাড়ার রেজওয়ানকে শহরতলীর ঘোষেরচরের লোকজন মারপিট করে। পরদিন শনিবার ঘোষেরচরের শামীম মোল্লা ও মিয়াপাড়ার দুলাল হোসেন ভ্যাজালকে মারপিটের ঘটনায় সন্ধ্যায় মিয়াপাড়া ও শহরতলীর ঘোষেরচরে লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঘোষেরচর গ্রামের লোকজন রামদা, লাঠিসোঁটা ও দেশিয় অস্ত্র নিয়ে চৌরঙ্গীর স্বর্ণ, স্টেশনারি, খাবারের দোকানসহ ৮/১০টি দোকানে হামলা ও ভাংচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে মিয়াপাড়ার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে ঘোষেরচরের লোকজনদের ধাওয়া করে। মিয়াপাড়া ও ঘোষেরচরে মধ্যে চৌরঙ্গী, লঞ্চঘাট, পাবলিকহল মোড়, পোস্ট অফিস মোড়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মানুষ ছোটাছুটি করে। এক পর্যায়ে পুলিশ মোসলেম প্লাজা, নুরুজ্জামান সুপার মার্কেটের মধ্যে ঢুকে ব্যবাসায়ীদের বেধড়ক পেটায়। পুলিশ প্রায় ১শ’ রাউন্ড শটগানের গুলি, বারার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৩ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। গোপালগঞ্জ শহরে ব্যবসায়ীসহ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম রেজা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও টিয়ারসেল করা হয়েছে। তবে গুলির হিসাব করা হয়নি। তিনি ঘটনাস্থলে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছেন।