অনাথ শিশুদের সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:৫৪
শিশুদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভালোবাসা সব সময়ই। সেই ভালোবাসার টানেই গতকাল রবিবার দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী চলে যান শ্যামলীর এসওএস শিশুপল্লীতে। দুপুরের পুরোটা সময় তিনি অনাথ শিশুদের সঙ্গে কাটান। মুহূর্তের মধ্যে শিশুদের সঙ্গে মিশে যান শেখ হাসিনা। অনেক শিশুকে তিনি কোলে তুলে নিয়ে আদরও করেন। শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকলেট, মিষ্টি, ফুল ও বেলুন উপহার হিসেবে নিয়ে যান। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল শিশুপল্লীতে বিশেষ খাবার দেয়া হয়। এতোসব উপহার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন, মজার মজার গল্প শোনান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান সিদ্দিক ববি এবং তার স্ত্রী পেপি সিদ্দিক, কন্যা লীলা ও পুত্র কাইয়াস মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।