বিশ্বের সবচে প্রভাবশালী ৫০ ব্যক্তির তালিকায় উঠে এসেছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক ফরচুন ম্যাগাজিনের জরিপে সবচে প্রভাবশালীদের এ তালিকায় তার অবস্থান ৩২তম। সাময়িকীটির চলতি সংখ্যায় প্রকাশিত এ তালিকায় বিশ্বের রাজনীতিবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নাম রয়েছে।
বাংলাদেশিদের মধ্যে এ তালিকায় একমাত্র স্থান লাভকারী ব্যক্তি হলেন ফজলে হাসান আবেদ। তার বিষয়ে বলা হয়, যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ফিরে আসা প্রায় এক কোটি শরণার্থীর সহায়তার জন্য ৭৭ বছর বয়সী ফজলে হাসান আবেদ ব্র্যাক (বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিসটেন্স কমিটি) গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানকে তিনি বিশ্বের সবচে বড় অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এই প্রতিষ্ঠানে ১ লাখ কর্মী রয়েছে। যারা এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে কাজ করছেন। ২০১০ সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়।
এবারের তালিকায় শীর্ষে থাকা ৫ ব্যক্তি হলেন—পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফোর্ড মোটর কোম্পানির সিইও অ্যালান মুলালি, ধনকুবের ও ব্যবসায়ী ওয়ারেন বাফেট এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এছাড়া মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচি এবং তিব্বতি নেতা ধর্মগুরু দালাই লামার নামও রয়েছে। আরো আছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী কর্মী মালালা ইউসুফজাই’র নাম।
