ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে কঠোর ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমান সরকারকে মহা দুর্নীতিবাজ ও প্রতারক বলে মোদী বিভিন্ন জনসভায় যে ভাষণ দিচ্ছেন তার সমালোচনা করেছেন সোনিয়া। কংগ্রেস সভানেত্রী বলেছেন, মিথ্যা কথা বলায় মোদী ও তার দলের নেতাদের জুড়ি নেই। তারা কেবল মুখে বড় বড় কথা বলতে ওস্তাদ। কাজের বেলায় কিছু নয়। খবর এএনআইয়ের।
আসামে আয়োজিত নির্বাচনী জনসভায় সোনিয়া বলেন, সারা দেশে মোদী ও তার দলের নেতারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। তারা নাকি ভারতকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবেন। কিন্তু আগেরবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন কেন তাদের এই ‘ক্যারিশমা’ দেখাননি? এতে কি প্রমাণ হয় না যে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানাতে চাইছে? মুখে বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। কংগ্রেস সভানেত্রী আরো বলেন, আসামের জনগণ যখন জীবনসংগ্রাম করে চলছে তখন বিজেপির কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। তিনি কংগ্রেসের নির্বাচনী শ্লোগান উচ্চারণ করে জনগণের কাছে আরেকবার সুযোগ চান। মোদীর কুটকৌশলের কাছে যেন কংগ্রেস পরাজিত না হয় সেদিকে নজর রাখতে বলেন দলীয় নেতাকর্মীদের। কংগ্রেস যে প্রতিশ্রুতি দেয়, মানুষ তা পায় বলে মন্তব্য করেন সোনিয়া। তার দল বিজেপির মতো মিথ্যা প্রতিশ্রুতি ফেরি করে না বলেও দাবি করেন তিনি।
