বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র হবে সবচে বেশি নিরাপদ। এই বিদ্যুত্ কেন্দ্রের জন্য নির্মিত পারমাণবিক চুল্লি জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রগুলোর চেয়ে ১০ গুণ বেশি নিরাপদ ও টেকসই। কেবল ভূমিকম্প নয়, সুনামির মতো মহাবিপর্যয়ে টিকে থাকবে এই চুল্লি। রুশ রাষ্ট্রদূত গতকাল রবিবার সকালে বিআইআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত ‘রাশিয়ার বর্তমান আন্তর্জাতিক নীতি’ শীর্ষক এক লেকচারে রুশ রাষ্ট্রদূত একথা বলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদের সভাপতিত্বে মহাপরিচালক মেজর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। কূটনীতিক, গবেষক, লেখকগণ অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশ নেন।
রুশ রাষ্ট্রদূত আরো বলেন, দুই বছর আগে ইরানে বেশ কয়েকটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র সফলভাবে প্রতিষ্ঠা করেছে রাশিয়া। একইভাবে অন্যান্য দেশের জন্য আরো ৩০টি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
রূপপুর পরমাণু বিদ্যুত্ কেন্দ্র সম্পর্কে সম্প্রতি জার্মান রাষ্ট্রদূতের নেতিবাচক বক্তব্য ও সতর্কবাণী প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত বলেন, জার্মান দূতকে কে এ বিষয়ে মন্তব্য করতে বলেছেন কিংবা এর পেছনের কারণ কী জানি না। তার এমন বক্তব্য কাম্য নয়।
বাংলাদেশ ও রাশিয়ার দ্বি-পাক্ষিক বাণিজ্য প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে দু’দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলার। অথচ এক বিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আমরা আরো বহু দূর এগিয়ে যেতে কাজ করে যাচ্ছি।
