কেলেংকারির নায়করা কংগ্রেসের মনোনয়ন পাচ্ছেন:মোদী

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০১
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী গতকাল রবিবার মহারাষ্ট্রের নান্দেনে এক জনসভায় বলেন, বিভিন্ন অঙ্গনের কেলেংকারির নায়করা কংগ্রেস থেকে মনোনয়ন পাচ্ছেন। উদাহরণ টানতে গিয়ে তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চবনের নাম উল্লেখ করেন। মুম্বাইয়ের বহুল আলোচিত আদর্শ আবাসন কেলেংকারিতে জড়িয়ে পড়েছিল অশোকের নাম। খবর টাইমস অব ইন্ডিয়ার। জনসভায় মোদী বলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলে বেড়াচ্ছেন যে তারা আবার ক্ষমতায় গেলে ভারত থেকে দুর্নীতিকে একেবারে বিতাড়িত করা হবে। দুর্নীতি এবং দুর্নীতিবাজদের সাথে কোনো প্রকার আপোষ করা হবে না। কিন্তু কংগ্রেস এমন সব ব্যক্তিদের মনোনয়ন দিচ্ছেন যাদের পিঠে কলঙ্কের কালি লাগানো আছে। বিজেপি ক্ষমতায় গেলে আদর্শ আবাসন কেলেংকারিসহ সব কেলেংকারিতে জড়িতদের বিচার করা হবে। উল্লেখ্য, নানা নাটকীয়তার পর নান্দেন আসন থেকে শেষ পর্যন্ত অশোক চবনকে মনোনয়ন দেয় কংগ্রেস। কংগ্রেস এই মনোনয়নকে সমর্থন করে বলেছে, চবনের বিরুদ্ধে যে অভিযোগ তাতে তার দুর্নীতির প্রমাণ হয় না। আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় তবে তিনি মনোনয়ন পাবার যোগ্যতা হারাবেন। মোদী এদিন রাহুল গান্ধীকে আবারো ‘শাহজাদা’ বলে বিদ্রুপ করেন। তিনি বলেন, ‘শাহজাদা’ বিজেপির ঘাটি গুজরাটও চষে বেড়াচ্ছেন ভোটের জন্য। কিন্তু ভোট গণণার পর তিনি যখন দেখবেন চরম ভরাডুবি হয়েছে তখন মুখ লুকাবেন কোথায় সেটা আগে থেকেই যেন ঠিক করে রাখেন।