হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে আরো দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। তার পরিচালনাধীন নগরীর লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর ?হাকিম নওরিন আকতার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৭ অক্টোবর চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজন ছাত্র আহত হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় দুই ছাত্রের মৃত্যু হয়।
মুফতি ইজহারের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, খুলশী থানায় দায়ের হওয়া দুটি মামলায় মুফতি ইজহারুল ইসলাম ২৭ মার্চ পর্যন্ত হাইকোর্টের জামিনে ছিলেন। গতকাল নিম্ন ?আদালতে হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু তিনি আসতে পারেননি। তার পক্ষে আমি হাজিরার জন্য সময়ের আবেদন করেছিলাম। আদালত আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
