পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আজ অনেক উপজেলায় উদ্বেগ-উত্কণ্ঠায় রয়েছেন ভোটাররা। ইতিমধ্যে ৭৩ উপজেলার বহু ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। সেখানে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ভোটের আগেই কয়েকটি উপজেলায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ২০ জন আহত ও সাতক্ষীরা সদরে নির্বাচনী পথসভায় ককটেল হামলার খবর পাওয়া গেছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গফরগাঁও:সরকারি দল আওয়ামী লীগ সর্মথিত প্রার্থী আশরাফ উদ্দিন বাদলের কর্মী-সর্মথকরা গত ৩/৪ দিন যাবত্ উপজেলার বিভিন্ন এলাকায় রামদা মিছিল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে। এ সময় কমপক্ষে ১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে তারা। এতে ভোটারদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
বগুড়া: সদর উপজেলায় ১২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন অফিস। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম দাবি করেন, বগুড়া সদরে যেহেতু এই পর্যন্ত কোন সহিংস ঘটনা ঘটেনি তাই ভোটারদের মাঝে কোন-প্রকার আতংকের ছাপ নেই। আইন-শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রায়পুর (লক্ষ্মীপুর):রায়পুর উপজেলা নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় বাড়ি ভাংচুরসহ ২০ জন আহত হয়েছে। গত দুইদিনে এই হামলার ঘটনা ঘটে। চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার জানান, তার কর্মী মেজবাউদ্দিনের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। দুলাল ও জাহাঙ্গীরসহ ১০ জনকে বেদম প্রহার করেছে সন্ত্রাসীরা। দুলালকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মিন্টু জানান, তার নির্বাচনী কর্মী নূর আলম ও আফাজ উদ্দিনকে পিটিয়েছে সন্ত্রাসীরা। এছাড়াও আমজাদ হোসেন ও আব্দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন মাস্টার জানান, তার কর্মী প্রকাশ চন্দ্র সাহা, বদরুল ও পারভেজসহ ৫ জনকে বেদম প্রহার করা হয়েছে। প্রকাশ চন্দ্র সাহাকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন চেয়ারম্যান প্রার্থীই এসব সহিংস ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন।
সাতক্ষীরা:সদর উপজেলার ধুলিহর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সদর থানা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলীসহ তিন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সন্ধ্যার পরে এ ঘটনাটি ঘটে। পুলিশ এ সময় ৩৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা কাথন্ডা এলাকায় আ’লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদের পথসভায় ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সেখান থেকে একজনকে আটক করেছে।
এদিকে জেলার তালা, দেবহাটা ও সদর উপজেলা নির্বাচনে মোট ২৪৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এজন্য কেন্দ্রগুলোতে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
অন্যদিকে সাতক্ষীরায় ২শ’ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার বিকালে সদর উপজেলার আবাদের হাটে উপজেলা নির্বাচনী পথসভায় থানা বিএনপির সহ-সভাপতি আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
তালা (সাতক্ষীরা): উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ৫৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
দিনাজপুর: জেলার ৩টি উপজেলা বিরল, পার্বতীপুর ও হাকিমপুরে নির্বাচন আজ। ১৭৯টি কেন্দ্রের মধ্যে ১১২টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩ উপজেলাতেই আওয়ামী লীগ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
ডোমার (নীলফামারী):আজ ডোমার উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলার ৬৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের ৩৫টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে চরাঞ্চলের অধিকাংশ কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই এলাকার ভোটারদের মনে উদ্বেগ-উত্কণ্ঠা দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশন সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
পবা (রাজশাহী): উপজেলার মোট ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বিয়ানীবাজার: উপজেলার মোট ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি ইউনিয়নে ১ জন করে ওসিকে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ইউনিয়ন ভিত্তিক একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
টেকনাফ (কক্সবাজার): এ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি। এরমধ্যে ২৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের অতিরিক্ত জনবল থাকছে।
নরসিংদী: সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোহেল ভূঞা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে গত ১৯ মার্চের হাইকোর্টের রুল ও তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়ার নির্দেশ সম্প্রতি ১৩ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন চেম্বার জজ।
কুমিল্লা: জেলার মুরাদনগর ও চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ দুটি উপজেলার নির্বাচন ঘিরে সংঘর্ষের আশংকায় ভোটার ও প্রার্থীদের মাঝে উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে। এ দু’টি উপজেলার মোট ২০২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে মুরাদনগর উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রের মধ্যে ১২১টি এবং চান্দিনার ৭২টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির
অভিযোগ এক প্রার্থীর
ছাগলনাইয়া (ফেনী): ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেয়ার আশংকাসহ সরকার দল সমর্থিত প্রার্থী ও পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আহাম্মদ মজুমদার। গতকাল রবিবার বিকালে পৌর শহরের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় নিশ্চিত। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলছে, ব্যানার পুড়িয়ে দিচ্ছে, বোমা ফাটিয়ে ও গুলি করে আতংক সৃষ্টি করছে। তিনি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। তবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
পাকুন্দিয়ার ওসি স্ট্যান্ডরিলিজ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়া থানার ওসিকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে বিশেষ ব্যক্তির পক্ষে কাজ করার অভিযোগে গতকাল রবিবার তাকে অন্যত্র বদলি করেন জেলা পুলিশ সুপার। এর আগে গত শনিবার পাকুন্দিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়াকে অন্যত্র বদলির জন্য আইজিপি বরাবর লিখিত প্রস্তাব দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান।
