শেষ পর্যন্ত চলে গেল শিশু আলিফও

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০৫
শেষ পর্যন্ত বাঁচানো গেল না দেড় বছর বয়সী শিশু আলিফকেও। মা ও নানীর মৃত্যুর পর বেশ কয়েকঘন্টা বেঁচে ছিল আলিফ। শনিবার মধ্যরাতে সেও চলে যায় না ফেরার দেশে। গত শনিবার কামরাঙ্গীরচরে মজিবর ঘাট এলাকার নোয়াখালী বাড়ির বাসিন্দা রমজান মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হন আকলিমা বেগম (৫০), তার মেয়ে জলি আক্তার (২৭) ও জলির সন্তান মো. আলিফ। এদের মধ্যে সন্ধ্যায় মারা যান আকলিকা, রাত ১০টার দিকে মারা যান জলি আর মধ্যরাতে চলে গেল আলিফ। গতকাল রবিবার নিহত শিশুসহ একই পরিবারের তিনজনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ঢাক?া মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে আলিফের পিতা রমজান মিয়ার কাছে লাশ তিনটি হস্তান্তর করা হয়। শোকে মুহ্যমান রমজান মিয়া বলেন, প্রথমে লাশগুলো চকবাজার ইসলামবাগের বাগানবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। রমজান মিয়া আহাজারি করে বলেন, আমার ছেলেটির খেলার সাথী খাচায় বন্দী পাখিটিও মারা গেছে!