কাস্টম কর্মকর্তার হয়রানির প্রতিবাদে

আজ থেকে আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০৫
কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে আজ সোমবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দরের ব্যবসায়ীরা। আখাউড়া স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার কর্তৃক ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার প্রতিবাদে ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়। অবিলম্বে হয়রানি বন্ধ না হলে পর্যায়ক্রমে দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানিমুখি স্থলবন্দরে অন্যান্য পণ্য রপ্তানিও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আখাউড়া স্থলবন্দরের আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম দাবি করেন, স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার মিয়া মো: নাজমুল প্রতিনিয়ত বন্দরের ব্যবসায়ীদেরকে হয়রানি করে আসছেন। কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে সময় ক্ষেপণও করেন। এতে সময়মত মাছ রপ্তানি করা যায় না। বন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিকসহ প্রায় ৪০টি পণ্য রপ্তানি হয়ে থেকে। প্রতিদিন এ বন্দর দিয়ে প্রায় এক কোটি টাকার পণ্য রপ্তানি হয়। এদিকে আখাউড়া স্থল শুল্ক বিভাগের সহকারী কমিশনার মিয়া মো: নাজমুল দাবি করেছেন, ব্যবসায়ীদেরকে কোন হয়রানি করা হয় না। সরকারি নিয়ম অনুযায়ীই এ পর্যন্ত আমদানী-রপ্তানি হয়ে আসছে।