থ্যাংকইউ ফর বেটার ইলেকশন

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০৬
যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ চতুর্থ ধাপের ভোট অপেক্ষাকৃত ভালো হয়েছে উল্লেখ করে এক চিঠিতে ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামকে সাধুবাদ জানিয়েছেন। সিরাজুলের উদ্দেশে লেখা ওই চিঠিতে তিনি বলেছেন, ‘ থ্যাংকু ফর বেটার ইলেকশন।’ গত ২৩ মার্চ চতুর্থ দফা ভোটের আগের দিন তিনি উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছিলেন। ওই নির্বাচনের দিনেই দেশের বিভিন্ন স্থানে চারজনের প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে ১১ উপজেলার ৩৩টি কেন্দ্রে ভোট নেয়া স্থগিত ঘোষণা করা হয়। তৃতীয় পর্বে ১৫ মার্চ ভোটের আগেই ঢাকা ত্যাগ করেছিলেন সিইসি। ইসি তখন ই-মেইল বার্তায় ত্বরিত ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ইসি সশস্ত্রবাহিনীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তাদের চিঠি দেয়। নির্বাচন কমিশন সিইসির অনুপস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েও সহিংসতা ঠেকাতে পারেনি। গত ২৭ মার্চ সিইসি ফের ই-মেইল বার্তা পাঠান ইসিতে। তাতে তিনি লেখেন, ‘এ বেটার ইলেকশন’ নিশ্চিত করতে পারায় সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে চতুর্থ পর্বে নেয়া শাস্তির বিষয়টি তাকে অবহিত করতে বলা হয়। জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগের বিষয়ে ব্যবস্থাও নিতে বলেন তিনি। রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের আরো সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর হামলা ও দুষ্কৃতকারীদের রুখতে আইন শৃঙ্খলাবাহিনীকে আরো দৃশ্যমান করে টহলে রাখতে নির্দেশনা দেন সিইসি। অনিয়ম হলেই ভোটকেন্দ্র বন্ধ করার কথাও স্মরণ করিয়ে দেন কাজী রকিব। প্রার্থী ও রাজনৈতিক দলকে ‘আইন নিজের হাতে না তুলতে’ অনুরোধ জানানোর পরামর্শ দেন সিইসি। একই সঙ্গে নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়টি সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। তার বিদেশ সফরকালে সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ও সংসদ নির্বাচনের নির্বাচনী ট্রাইব্যুনালের বিষয়ে সিইসিকে অবহিত করারও অনুরোধ জানানো হয় চিঠিতে। যদিও সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। দুই নারী আসনের জন্য তফসিলও ঘোষণা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায় থেকে যশোর-১ ও যশোর-২ আসনের সরকারদলীয় দুই প্রার্থীকেও অব্যাহতি দেয়া হয়েছে।