সংসদ সদস্য শওকত হোসেন হিরনের অবস্থা অপরিবর্তিত

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০৭
সিঙ্গাপুরে গ্লেনঈগল হাসপাতালে চিকিত্সাধীন সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হিরনের সাথে সিঙ্গাপুরে অবস্থানরত তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ গতকাল রবিবার বলেন, চিকিত্সকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে হিরনকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইলেও ছেলে-মেয়েদের ইচ্ছা অনুযায়ী সিঙ্গাপুরেই চিকিত্সা অব্যাহত রাখা হয়েছে। চিকিত্সকদের পরামর্শ ও চিকিত্সার ওপর ভরসা করেই এখনো তিনি সেখানে চিকিত্সাধীন আছেন। হিরনের অপর ২ ভাই আজ সোমবার সিঙ্গাপুরে পৌঁছার কথা রয়েছে। পরিবারের সদস্যরা মিলে চিকিত্সকদের সাথে আলোচনা করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে পারিবারিক সূত্র জানা যায়। এদিকে তার সুস্থতা কামনা করে গতকাল দলীয় কার্যালয়ের সামনে সোহেল চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হিরনের রোগমুক্তি কামনায় নগরীর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও উপাসনালয়ে প্রতিদিনই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।