আমাদের দেশে স্যাটেলাইট চ্যানেলের এই ক্রমবিকাশে পারস্পরিক প্রতিযোগিতা যেমন আছে, আছে প্রতিদ্বন্দ্বিতাও। আবার চ্যানেল কালচারে পারস্পরিক রীতি-পার্থক্যে দ্বন্দ্বও রয়েছে। এর ভেতরে আবার কোনো কোনো চ্যানেলের মাঝে পারস্পরিক হূদ্যতার ব্যাপকতা দেখা যায়। যেমন এবারের বাংলাভিশনের বর্ষপূর্তিতে চ্যানেল আই তার নিজের স্ক্রিনেই ফিলার আকারে শুভেচ্ছা জানিয়েছে বাংলাভিশনকে। চ্যানেলগুলোর ভেতরকার এই সৌহার্দ্য অবশ্যই দারুণ প্রশংসনীয়। এর আগে এটিএন বাংলার বর্ষপূর্তিতেও চ্যানেল আই অগ্রণী ভূমিকা রেখেছিল পারস্পরিক সম্পর্ক উন্নয়নে। আবার চ্যানেল আইয়ের বর্ষপূর্তিতে আরটিভি আলাদা টক শো প্রচার করেছিল। স্যাটেলাইট চ্যানেলগুলোর এই পারস্পরিক সম্প্রীতির নতুন উদাহরণের বিকাশ ঘটছে ক্রমশ। তারই নতুন ধারণায় বাংলাভিশনের বর্ষপূর্তির বিশেষ আয়োজনে চ্যানেল আইয়ের কর্ণধার কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান অভিনেতা-নির্মাতা শামীম শাহেদ বসেছেন অতিথির চেয়ারে গণমাধ্যম ব্যক্তিত্ব আলী যাকেরের সঞ্চালনায়।
