এবারে পতাকার গান

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:১২
আজকাল আর অ্যালবামের কোনো নতুন খবর আসে না। বরং একটি বা দুটি গানের মিউজিক ভিডিওর খবরই বেশি দেখা যায়। সেই বাজারচলতি ধারণায় এবারে ক্রিকেট নিয়ে রেকর্ড পরিমাণ গান হয়েছে, গানের খবরও হয়েছে। তবে আক্ষেপ বাংলাদেশ ক্রিকেট টিমের ভরাডুবিতে গানগুলোরও সমূহ মৃত্যু হতে চলেছে। তবে এবারে খানিকটা ভিন্নতা আনার জন্য কয়েক তরুণ সংগীতকর্মী তৈরি করেছেন পতাকার গান। বাংলাদেশের পতাকা নিয়ে এবার দেশের গান তৈরি করলেন অভিজিত্ জিতু। ইশতিয়াক আহমেদের লেখা এবং অভিজিত্ জিতুর সুর-সংগীতায়োজনে সাত জনপ্রিয় তরুণ শিল্পী গানটি গেয়েছেন। তারা হলেন—পারভেজ, রাজীব, কর্নিয়া, শশী, টিনা, রুবেল এবং তাসনুভ। অভিজিত্ জিতু বলেন, ‘অনেক দিন থেকেই দেশের গান করার ইচ্ছে ছিল। সাম্প্রতিক সময়ে বিদেশি পতাকা নিয়ে অতি উত্সাহী কিছু তরুণদের মাতামাতির বিরুদ্ধে আমাদের এই গান। আমাদের চাওয়া, আমাদের পতাকাই কেবল আমাদের আকাশে উড়ুক। গানের কথাও লেখা হয়েছে সেই চিন্তাকে মাথায় রেখে।’