চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে ব্রোকারেজ হাউসের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা সংগ্রহের নিয়ম প্রচলনের পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইপিও অনুমোদন পাওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি অথবা তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং কোম্পানির আইপিও চাঁদা সংগ্রহ এ প্রক্রিয়ায় শুরু হতে পারে। এর মাধ্যমে আইপিও আবেদনে বিনিয়োগকারীর ভোগান্তি দূর হওয়ার আশা করছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি। এ সেবার জন্য ব্রোকারেজ হাউসগুলো কমিশন পাবে।
পরীক্ষামূলক এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী জুন থেকে ব্রোকারেজ হাউসের মাধ্যমেই আইপিও চাঁদা সংগ্রহ করা হবে। দুই স্টক এক্সচেঞ্জ ও ইস্যু ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনায় এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
জানা গেছে, ব্রোকারেজ হাউসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আইপিও চাঁদা সংগ্রহ শুরু হলেও এ সময় ব্যাংকগুলোর মাধ্যমেও আইপিও চাঁদা সংগ্রহ অব্যাহত থাকবে। এ প্রক্রিয়ায় চাঁদা সংগ্রহ কার্যক্রমের ফলাফল মূল্যায়নশেষে জুন থেকে পুরোপুরি এ প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে আইপিওর চাঁদা সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্রোকারেজ হাউসগুলোকে নতুন করে সফটওয়্যার উন্নয়ন করতে হবে এবং জনবলও নিয়োগ করতে হবে। এ কাজে তাদের প্রাথমিকভাবে কিছু টাকাও খরচ হবে। এজন্য কমিশনের পক্ষ থেকেই প্রস্তাব করা হয়েছে, আইপিওর চাঁদা সংগ্রহ বাবদ ব্যাংকগুলোকে বর্তমানে দশমিক ১০ শতাংশ কমিশন দেয়া হয়। ব্রোকারেজ হাউসও এরকম কমিশন পাবে। তবে কমিশন হার কত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, নতুন প্রক্রিয়ায় সব বিনিয়োগকারী নিজ ব্রোকারেজ হাউসের মাধ্যমে আইপিও আবেদন করবেন। ব্রোকারেজ হাউস ওই আবেদনের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করবে বা গ্রাহকের বিও হিসাব থেকে সমপরিমাণ অর্থ সরিয়ে পৃথক ব্যাংক হিসাবে সংরক্ষণ করবে। এরপর নির্দিষ্ট দিনে সব আইপিও আবেদনকারীর বিও হিসাব নম্বর ও আবেদনকৃত লট সংখ্যার তথ্য ইস্যু ব্যবস্থাপক বরাবর প্রেরণ করবে। একই সঙ্গে ওইসব আবেদনের বিপরীতে পর্যাপ্ত অর্থ ব্যাংক হিসাবে সংরক্ষণ-সংক্রান্ত ব্যাংক সার্টিফিকেট প্রদান করবে। এরপর ইস্যু ব্যবস্থাপক লটারির আয়োজন করবে। কেবল লটারি বিজয়ীদের তালিকা ব্রোকারেজ হাউসগুলোর কাছে পাঠাবে। লটারিতে শেয়ারপ্রাপ্ত আবেদনকারীর টাকা কোম্পানি হিসেবে প্রেরণ করবে এবং লটারিতে শেয়ার না পাওয়া আবেদনকারীদের চাঁদার অর্থ পরদিনই বিও হিসাবে ফেরত দেবে।
